নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া এলাকায় এক সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে সামছুল হক মেম্বারের পুরোনো বাড়ির সামনের মাঠ থেকে মো. সজীব (২৪) নামের ওই প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় আবিরপাড়া এলাকার মৃত মো. মালেক ও সেলিনা আক্তারের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে খাবার খেয়ে সজীব বাড়ি থেকে বের হন। এরপর বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন তাকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পেছনে কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। নিহতের চাচাতো ভাই রিয়াদ অভিযোগ করে বলেন, “গত পরশু স্থানীয় একটি কিশোর গ্যাং সজীবকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল।” এই হুমকির পরদিনই তার মৃত্যু হওয়ায় হত্যাকাণ্ডের পেছনে ওই কিশোর গ্যাংয়ের হাত থাকতে পারে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, “বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”