চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) নামের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে তাকে আটক করা হয়।
আটক তাওহীদুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার আদি টাঙ্গাইল গ্রামের আজাদ বুখারীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রয়েছে বলে জানা গেছে।
দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে তাওহীদুল ইসলাম বুখারী ভ্রমণ ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হন। সেখানে তার পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করার সময় পুলিশ জানতে পারে যে, তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ তুহিন জানান, "আটক তাওহীদুল ইসলাম বুখারীকে দর্শনা থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পরে তাকে টাঙ্গাইল জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।"