মানিকগঞ্জের সিংগাইরে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে অবস্থিত তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিকেলে শাকিল আহমেদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার শাকিল আহমেদ ইরতা গ্রামের মোহাম্মদ আরজুর ছেলে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘ প্রচেষ্টার পর পুলিশ তাকে খুঁজে বের করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এদিকে শাকিল আহমেদের গ্রেপ্তারের খবরটি দ্রুত ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী। তারা এই গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।