গোপালগঞ্জের সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল থেকে পুলিশের গাড়িতে ভাঙচুর এবং দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এই ঘটনার ভিডিও নিজেদের ফেসবুক আইডিতেই শেয়ার করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, রঘুনাথপুর চরপাড়া সড়ক থেকে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে খেয়াঘাট এলাকায় পৌঁছান মিছিলকারীরা। সেখানে পৌঁছানোর পরপরই টহলরত পুলিশের একটি গাড়িতে তারা ব্যাপক ভাঙচুর চালায়। একই সঙ্গে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া এবং এক কনস্টেবলকে নির্মমভাবে মারধর করা হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এই হামলার পর থেকে ওই এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঘটনা প্রসঙ্গে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল থেকে অতর্কিত হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর এবং দুই পুলিশ সদস্যকে মারধর করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”