গাইবান্ধা সদর উপজেলায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া লিয়ন হুদা (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ৫০ ঘণ্টা পর শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত লিয়ন হুদা গাইবান্ধা পৌরসভার পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের পুত্র। তিনি পেশায় ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্যানুযায়ী, গত মঙ্গলবার ঢাকা থেকে ছুটিতে নিজের বাড়িতে ফিরেছিলেন লিয়ন। পরদিন বুধবার সকালে তিনি তার বড় ভাই মাকসুদ মিয়ার বাড়িতে দাওয়াত খেতে যান। এরপর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে লিয়নসহ চারজন বন্ধু ও আত্মীয় কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে অন্য তিনজন নিরাপদে তীরে ফিরে এলেও লিয়ন নিখোঁজ হয়ে যান। এই ঘটনার পর স্বজনরা তার সন্ধানে ব্যাপক তল্লাশি শুরু করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজে অংশ নেন এবং পরবর্তীতে রংপুর থেকে বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে এসে তল্লাশি অভিযান শুরু করে।

গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রিফাত আল মামুন জানান, বৃহস্পতিবার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছিল। এরপর রংপুরের ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, “ডুবুরি দল সেদিন দুপুর ২টা ৪০ মিনিটে উদ্ধার অভিযান শুরু করে এবং বিকেল ৫টা ৪০ মিনিটে অভিযান স্থগিত করে।”

তিনি আরও জানান, “শুক্রবার সকালে আবার অভিযান শুরু করা হয়। পরে শনিবার সকাল থেকে উদ্ধারকাজ চালিয়ে বিকেল ৩টার দিকে লিয়নের মরদেহ উদ্ধার করা হয়।”