পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর পুকুর থেকে ওমর আলী (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পামুলী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার একটি পুকুর থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ওমর আলী ওই এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, তিনি পেশায় একজন ঘটক ছিলেন। তবে পুলিশ সূত্রে জানা গেছে, ওমর আলী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে ওমর আলী নিখোঁজ হয়ে যান। রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে তার জুতা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তিনি পুকুরের পানিতে পড়ে গেছেন—এমন ধারণা থেকে স্থানীয়রা প্রথমে উদ্ধার অভিযান শুরু করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করেন।
খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করলেও রাতের অন্ধকারে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে রংপুর থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়। মঙ্গলবার সকালে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে এবং প্রায় ১০ মিনিটের মধ্যেই পুকুরের পানি থেকে ওমর আলীর মরদেহ উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য রফি ইসলাম বলেন, “সোমবার রাত আনুমানিক ৯টার দিকে তারা খবর পান। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শনের পর রংপুরে জানানো হয়। পরে রংপুর থেকে বিশেষ ডুবুরি দলের সহযোগিতায় মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয়।”
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, “নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।”