সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ গণনার সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া জানিয়ে লেখা একটি চিঠি পাওয়া গেছে। শনিবার (২৪ অক্টোবর) মাজারের দানবাক্সের টাকা গণনার প্রক্রিয়া চলাকালীন টাকার স্তূপের ভেতর থেকে ওই চিঠিটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ওই চিঠিতে লেখা ছিল, ‘আসসালামু আলাইকুম। আমি লালবাগ থানা ২৪ ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মামুন হোসেন মন্না। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে হযরত শাহজালাল মাজারে নেত্রীর জন্য দোয়া ও প্রার্থনা করছি। আল্লাহ পাক যেন তাকে সর্বদা সুস্থ রাখেন এবং বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে যেন ফিরে আসেন, আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশরত্ন শেখ হাসিনার।
চিঠিতে তারিখ হিসেবে উল্লেখ করা ছিল ২৮ সেপ্টেম্বর ২০২৬। উল্লেখ্য, ওই দিনটি ছিল সাবেক এই প্রধানমন্ত্রীর জন্মদিন।
এর আগে শনিবার সকালে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দুটি দানবাক্স এবং তিনটি ঐতিহাসিক ডেগ পঞ্চমবারের মতো খোলা হয়। সিলেটের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাজার পরিচালনা কমিটির দায়িত্বশীল প্রতিনিধি এবং উপস্থিত ম্যাজিস্ট্রেটের সরাসরি তত্ত্বাবধানে এই গণনা কার্যক্রম পরিচালিত হয়েছে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর চতুর্থবারের মতো মাজারের দানবাক্সগুলো খোলা হয়েছিল। সেই হিসেবে প্রায় ৩৫ দিন পর এবার পঞ্চমবারের মতো এই বাক্সগুলো খোলা হলো।
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত ২৩ সেপ্টেম্বর একটি বিশেষ কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, এখন থেকে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়মিত গণনা করা হবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সংগৃহীত দানের টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়নমূলক কাজে এবং বাকি ৬৫ শতাংশ দৈনন্দিন পরিচালনা ব্যয় ও কর্মচারীদের বেতন-ভাতায় ব্যয় করা হবে।