মাদ্রাসার অভ্যন্তরে বলাৎকার ও অশালীন কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধ করতে সরকার অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে ঘোষণা করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ওয়াকফ ও ধর্মীয় প্রতিষ্ঠান বিভাগের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। উক্ত অনুষ্ঠানে ইমামদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী।
সম্মেলন শেষে এক সংবাদিক সম্মেলনে তিনি জানান, মাদ্রাসার মতো পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানে যাতে এই ধরনের গর্হিত কাজ আর না ঘটে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই লক্ষ্যে ইমামদের মাধ্যমে সচেতনতামূলক বক্তব্য প্রদানের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে ইমাম সম্মেলনে দেশজুড়ে আগত ইমামদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, “কেউ উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি যেন বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”
পাশাপাশি জুমার খুতবায় মাদক সেবন, সন্ত্রাসবাদ এবং সমাজের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হতে ইমামদের আহ্বান জানান তিনি। সমাজের প্রতিটি স্তরে ইমামদের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে বলে উল্লেখ করে তিনি এই বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।