ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, সাধারণ মানুষের মাঝে ইসলামি জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধের প্রসারে মাসব্যাপী ইসলামি বইমেলা বিশেষ ভূমিকা রাখবে। তিনি জানান, সব বয়সী মানুষ যেন ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণে গড়ে ওঠে এবং হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ ও ইসলামের প্রকৃত বার্তা সবার কাছে পৌঁছে, সে লক্ষ্য বাস্তবায়নে এই মেলা সহায়ক হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ এ আয়োজন করে।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে এ বছর হজের বিমানভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়, যা ২০২৩ সালেও ছিল ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।
অতীতের রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করে এই প্রতিষ্ঠানকে পবিত্র কোরআন ও হাদিস প্রচারের প্রকৃত কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান ধর্মমন্ত্রী। বিগত ১৭ বছর ধরে ইসলামি ফাউন্ডেশনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পবিত্র কোরআন-হাদিসের বই প্রকাশের কাজ কখনও বন্ধ হবে না।
দেশের বিদ্যুৎ ও গ্যাস খাতের সংকট প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, বিগত ১৮ বছরে এই খাতগুলোকে ধ্বংস করা হয়েছে এবং এগুলো পুনর্গঠনে বর্তমান সরকারকে সময় দিতে হবে। বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে তিনি জানান, এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩৪১ জন হাজির অব্যয়িত মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দিয়ে বর্তমান সরকার এক নতুন নজির স্থাপন করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছেন জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানী ভাতার আওতায় আনতে এর মধ্যেই ১৩ হাজার ৯৪৯ জন ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও সেবাইতকে ভাতা প্রদান করা হয়েছে। এ ছাড়াও বর্তমান সরকার কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর পাশাপাশি সারাদেশে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে বলে তিনি জানান।
দেশি-বিদেশি মোট ২০৬টি স্টল নিয়ে আয়োজিত বইমেলা আগামী ১১ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।