খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে এই হামলার ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়।

আহত রামিম বিশ্বাস পারহাজী গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে। তিনি মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ বিল্লাল মোল্লা নিশ্চিত করেছেন।

ঘটনার বিস্তারিত বিবরণ অনুযায়ী, শনিবার সকালে রামিম একটি ভ্যানে করে কোলাবাজারের দিকে যাচ্ছিলেন। পথে গ্রামের আইনাল মোল্লার বাড়ির সামনে প্রধান সড়কে পৌঁছালে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা হঠাৎ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পিঠের ডান পাশে গুলি লাগে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের ৯ ও ১০ নম্বর সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।”

উল্লেখ্য যে, এর আগে গত ২২ অক্টোবর মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে খুলনা নগরীতে পৃথক দুটি গুলিবর্ষন ঘটনায় দুজন নিহত হন। ওই দিন ভোরে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল ইসলাম তুষার (৩২) নামের এক যুবককে প্রতিপক্ষ গ্রুপের দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। একই দিন সন্ধ্যায় লবণচরা থানার জিন্নাপাড়া বউবাজার এলাকায় খুশি বেগম (২৫) নামের এক গৃহবধূকে তার মায়ের সামনেই গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।