বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার প্রশাসন ও পুলিশ বাহিনীকে নিজেদের ব্যক্তিগত ও দলীয় স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর লক্ষ্মীপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী বলেন, “বিগত ১৭ বছর একটি সরকার পুলিশ প্রশাসনকে যেভাবে পরিচালনা করেছে, তাতে তারা মূলত নিজেদের স্বার্থেই এই বাহিনীকে ব্যবহার করেছে। কিন্তু আমরা এখন একটি নির্বাচিত সরকার হিসেবে জনগণের কল্যাণে দেশ পরিচালনা করতে চাই। তাই কোনোভাবেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যক্তিগত স্বার্থে বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। দেশের স্বার্থে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এই বাহিনীকে কাজে লাগাতে হবে।”

নির্বাচিত সরকারের দায়িত্ব ও দায়বদ্ধতা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “একটি নির্বাচিত সরকারের জন্য জনগণের কাছে জবাবদিহি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় দায়িত্ব। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার অর্থই হলো জনগণের প্রতি দায়বদ্ধ থাকা এবং তাদের কল্যাণে কাজ করা।”

পূর্ববর্তী সরকারের শাসনব্যবস্থার সমালোচনা করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, “বিগত দিনে ক্ষমতাসীনদের মধ্যে জবাবদিহির অভাব ছিল। তারা অনেক ক্ষেত্রেই জনগণের স্বার্থ ও অধিকার উপেক্ষা করেছে। অথচ গণতন্ত্র, আইনের শাসন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা গেলে দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও সামগ্রিক অর্থনৈতিক পরিবেশ আরও শক্তিশালী হবে।”

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক দোলনের সভাপতিত্বে এবং লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সমীর কর্মকারের সঞ্চালনায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদারসহ বাজুসের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।