হিন্দি চলচ্চিত্র ও ওয়েব সিরিজের পরিচিত মুখ অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং ‘ওয়ার’-এর মতো জনপ্রিয় সব সিনেমায় তাঁর অভিনয় দর্শক মহলে প্রশংসিত হয়েছে। ক্যারিয়ারে বিভিন্ন সময়ে পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী এক বিস্ফোরক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি জানান, শুটিং সেটে অন্তরঙ্গ দৃশ্যের সময় সহ-অভিনেতাদের কিছু আচরণের কারণে তিনি একাধিকবার চরম অস্বস্তি এবং অপমানিত বোধ করেছেন।
সম্প্রতি সিদ্ধার্থ কাননের ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অনুপ্রিয়া। সেখানে সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন, সহ-অভিনেতাদের কেউ কি কখনো সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন? এই প্রশ্নের জবাবে অনুপ্রিয়া বলেন, ‘একবার এমন হয়েছিল, যখন মানুষটি ইচ্ছাকৃতভাবে কিছু করেননি, কিন্তু উত্তেজনায় নিজেকে সামলাতে পারেননি। আমি বুঝতে পারছিলাম, তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, যা একেবারেই হওয়া উচিত নয়। তখন নিজেকে লাঞ্ছিত মনে হয়েছিল। এ ঘটনাগুলো ঘটেছিল চুমুর দৃশ্যের সময়।’
কেবল সেই একটি ঘটনা নয়, আরও একটি বিব্রতকর অভিজ্ঞতার কথা শেয়ার করেন অভিনেত্রী। অনুপ্রিয়া বলেন, ‘আরেকবার এমন পোশাক পরেছিলাম, যা খুব আরামদায়ক ছিল না। আমি ভেবেছিলাম, তিনি আমাকে সহায়তা করবেন। কিন্তু তাঁর আচরণ ছিল খুবই বিব্রতকর। তাঁর আচরণ আমার জন্য অস্বস্তিকর ছিল।’ তবে সেই মুহূর্তে সরাসরি প্রতিবাদ করতে পারেননি তিনি।
কেন প্রতিবাদ করতে পারেননি, সে বিষয়ে অভিনেত্রীর ভাষায়, ‘সেই মুহূর্তে সরাসরি প্রশ্ন তোলা কঠিন ছিল। কারণ, তিনি হয়তো বলতেন, ভুল করে হয়েছে। পরে আমি ব্যক্তিগতভাবে তাঁকে যখন সংযত হওয়ার অনুরোধ করি, তিনি শুনেছিলেন।’ তবে এই অভিযোগের মুখে থাকা সহ-অভিনেতার নাম প্রকাশ করেননি অনুপ্রিয়া।
চুমুর দৃশ্যের শুটিং নিয়ে তাঁর পর্যবেক্ষণ ব্যক্ত করে অভিনেত্রী বলেন, ‘চুমুর দৃশ্য আসলে সহজভাবেই করা যায়, কিন্তু অনেকে এত জোরে করেন যে সেটা খুবই অস্বস্তিকর হয়ে যায়।’
অনুপ্রিয়া গোয়েঙ্কা তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন ‘ববি জাসুস’ ছবির মাধ্যমে। এরপর তিনি ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ঢিশুম’, ‘পদ্মাবত’ এবং ‘ওয়ার’-এর মতো জনপ্রিয় সব চলচ্চিত্রে অভিনয় করেন। সম্প্রতি তিনি ‘বার্লিন’ ছবিতে অভিনয় করেছেন, যেখানে তাঁর সহ-অভিনেতা হিসেবে ছিলেন অপরশক্তি খুরানা, ঈশ্বাক সিং, রাহুল বোস ও কবির বেদি। ছবিটি সমালোচকদের বেশ প্রশংসা পেয়েছে।
সিনেমা ছাড়াও বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করেছেন অনুপ্রিয়া। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘সেক্রেড গেমস’, ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘অসুর: ওয়েলকাম টু ইয়োর ডার্ক সাইড’, ‘আশ্রম’ এবং ‘সুলতান অব দিল্লি’। অনুপ্রিয়ার মতে, সিনেমা বা সিরিজে অন্তরঙ্গ দৃশ্য থাকাটা স্বাভাবিক হতে পারে, তবে শুটিংয়ের সময় পরিচালক এবং শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকলে যেকোনো ধরনের অস্বস্তিকর পরিস্থিতি সহজেই এড়িয়ে চলা সম্ভব।