ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি চলাকালীন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার নেতাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা ঘটনাস্থলে নিজেদের ছাত্রলীগের বিভিন্ন পদে থাকার কথা স্বীকার করেছেন।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, গত বুধবার বিকেল থেকে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতরা রাজু ভাস্কর্যের সামনে তাদের অনশন কর্মসূচি শুরু করেন। এই কর্মসূচির মাঝে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মী রয়েছেন বলে খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ কয়েকজন নেতা-কর্মী সেখানে উপস্থিত হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল দলের উপস্থিতিতে তাঁদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আটককৃতদের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ফেরদৌস খান, অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি একরাম গাজী হৃদয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপসাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম এবং বাকৃবির একই হলের ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মনিরুজ্জামান মনির।

এই প্রসঙ্গে ছাত্রদল নেতা নাসির উদ্দিন শাওন বলেন, ‘আমরা চারজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীকে অনশন থেকে পেয়েছি। তাঁরা বিভিন্ন পদে পোস্টেড ছিলেন। পরে পুলিশ এসে তাঁদের তুলে নিয়ে গেছে।’

ঘটনা প্রসঙ্গে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামাল উদ্দিন জানান, ঢাবির প্রক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে চারজন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।