ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে একই ঘটনায় গতকাল এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করার ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। বরখাস্ত হওয়া এই দুই ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ দেওয়া হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সাময়িক বরখাস্ত হওয়া ওই কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী। এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ক্যাম্পাসের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নাশকতামূলক সব ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বেলা ২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি ভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কলা ভবনের পাশের শ্যাডো এলাকা এবং ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে এই বিস্ফোরণগুলো হয়। এই ঘটনায় সোহেল (৩৬) নামের এক প্রাইভেট কারচালক গুরুতর আহত হন। তাঁকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এছাড়া বিস্ফোরণের ফলে ঘটনাস্থলে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে আরও দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।