রংপুরের মিঠাপুকুর উপজেলায় নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক কর্মীকে আটক করেছে স্থানীয় পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টায় মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার আগেই উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বলদিপুকুর এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সুমন চন্দ্র এক্কা (৩২)। তিনি মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা এবং সুশীল এক্কার ছেলে।

ঘটনা প্রসঙ্গে ওসি রুহুল আমিন মুক্তকণ্ঠকে বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন মিলে নাশকতার পরিকল্পনার জন্য একত্রিত হয়েছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছাত্রলীগের সাবেক কর্মীকে আটক করা হয়েছে। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”