নাশকতার পরিকল্পনার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন) সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমাকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

গত শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে রংপুরের নিউ ইঞ্জিনিয়ার্স পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারির বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মিলন চ্যাটার্জি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত অনিমা জামান প্রমা রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারের সদস্য। তিনি রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আতাউর জামান বাবুর কন্যা।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মিলন চ্যাটার্জি বিস্তারিত জানিয়ে বলেন, “রংপুর নগরীর মেডিকেল মোড় এলাকার কেল্লাবন্দে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমাকে গ্রেপ্তার করা হয়েছে।”

পুলিশ আরও জানিয়েছে যে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।