মেহেরপুর জেলাজুড়ে মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের এক বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে এক রাতেই মোট ৪৬ জনকে আটক করেছে জেলা পুলিশ। আটককৃতদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশ ৪৩ জনকে এবং গাংনী থানা পুলিশ ৩ জনকে আটক করে।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক করা মোট ৪৬ জনের মধ্যে ২৩ জন অপ্রাপ্তবয়স্ক। তাদের অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। আর বাকি ২৩ জনকে পুলিশি হেফাজতে আটক রাখা হয়েছে।
জেলা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে যে, মাদক ও কিশোর গ্যাংয়ের পাশাপাশি অনলাইন জুয়ার বিরুদ্ধেও জেলাজুড়ে এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। ধারণা করা হচ্ছে, রাতের এই অভিযানের পর আটকের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সদর থানায় মোট ৪৩ জনকে আটক করা হয়েছিল। তবে তাদের মধ্যে ২০ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৩ জনকে আটক দেখানো হয়েছে।
অন্যদিকে, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, গাংনী থানা পুলিশ তিনজন অপ্রাপ্তবয়স্ক সন্দেহভাজনকে আটক করেছিল। পরবর্তীতে তাদের অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।
তবে মুজিবনগর উপজেলায় বৃহস্পতিবার রাতে কাউকে আটক করা হয়নি। মুজিবনগর থানার ওসি (তদন্ত) সেলিম জাহাঙ্গীর জানান, চলতি মাসের শুরু থেকেই ওই উপজেলায় কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পারসন জামিনুর রহমান খান বলেন, “নিয়মিত অভিযানের পাশাপাশি মেহেরপুরের পুলিশ সুপারের নির্দেশনায় জেলাব্যাপী কিশোর গ্যাং, মাদক এবং অনলাইন জুয়াবিরোধী সাঁড়াশি অভিযান শুরু করা হয়েছে। প্রথমদিকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের তাদের অভিভাবকের মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হচ্ছে। তবে মাদকসহ যারা আটক হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হবে। এখন থেকে প্রতিনিয়ত এই অভিযান চলমান থাকবে।”