সৌদি আরবে হুতি বিদ্রোহীদের চালানো হামলার মুখে পুনরায় দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দাম্মামগামী ফ্লাইটগুলো ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদগামী সকল ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই দুটি রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছিল রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি। পরবর্তীতে দাম্মাম রুটে পুনরায় ফ্লাইট চালু করা হয় এবং আজ বৃহস্পতিবার সকালে একটি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যায়। তবে রাতেই পরিস্থিতি বিবেচনা করে পুনরায় ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ রাত সাড়ে নয়টায় পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের এই নতুন সিদ্ধান্তের কথা অবহিত করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “২১ অক্টোবর বুধবার রাতে সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দাম্মামগামী ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া চলমান বিমান হামলার পরিস্থিতি বিবেচনায় রিয়াদগামী সব ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।”

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব ফ্লাইট স্থগিত করা হয়েছে, সেগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং সংশোধিত সময়সূচি যথাসময়ে জানানো হবে। তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত চলাচল করবে।

জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। আসন খালি থাকা সাপেক্ষে তারা জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে এবং বাংলাদেশ ফিরতে পারবেন। টিকিট কাটা এবং ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে প্রথমবার ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরবর্তীতে স্থগিতের সময়সীমা আরও বাড়ানো হয়। ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা থাকলেও তা একদিন পিছিয়ে ২২ অক্টোবর থেকে চালু করার কথা জানানো হয়। সেই সময়সূচি অনুযায়ী আজ সকাল আটটার দিকে একটি ফ্লাইট ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু বুধবার রাতের হামলার পর তৃতীয়বারের মতো এই দুই রুটের ফ্লাইট স্থগিত করল বিমান কর্তৃপক্ষ।