ঝালকাঠি শহরের কোর্ট রোডে আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদারের মালিকানাধীন একটি ভবনের তৃতীয় তলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু এবং বিশেষ অতিথি ছিলেন শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি।

বুধবার (২১ অক্টোবর) রাতে ঝালকাঠি শহরের ৭ নম্বর কোর্ট রোডের ওই ভবনে এনসিপির জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী এইচ এম জাকির হোসেন। জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় এই ভবনে দলীয় কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

লিয়াকত আলী তালুকদার ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র। তার ছেলের দাবি, ভবনটির ওই তলায় আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।

লিয়াকত আলী তালুকদারের ছেলে মো. মিঠু তালুকদার জানান, কয়েক বছর আগে ওই তলায় পৌর আওয়ামী লীগের কার্যালয় হিসেবে কার্যক্রম পরিচালিত হতো এবং সেখানে তার ভাই মনিরুল ইসলাম মনির বসতেন। আর ভবনের নিচতলায় দলীয় কার্যক্রম পরিচালনা করতেন তার বাবা লিয়াকত আলী।

মিঠু তালুকদার বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হওয়ার পর তৃতীয় তলার কক্ষটি একটি বিমা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়। পরে প্রতিষ্ঠানটি চলে গেলে কক্ষটি কিছুদিন অব্যবহৃত ছিল। তার ছেলে সেখানে পাখি পালন করতেন। পরে কক্ষটি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে তৃতীয় তলায় কখনও আওয়ামী লীগের কার্যালয় ছিল না দাবি করে জেলা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল দাবি করেন, চলতি মাসে তারা কক্ষটি ভাড়া নেন। এর আগে সেখানে একটি বিমা প্রতিষ্ঠানের কার্যক্রম ছিল। প্রতিষ্ঠানটি চলে যাওয়ার পর সাবেক মেয়রের নাতি সেখানে পোষা প্রাণী রাখতেন।

মোস্তফা কামাল বলেন, ‘কোনো দিন এখানে আওয়ামী লীগের কার্যালয় ছিল না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আওয়ামী লীগের আমলে সাবেক মেয়রের বাসার সামনে একটি নৌকা টাঙানো দেখেছি। যারা এসব ছড়াচ্ছে, তা সম্পূর্ণ গুজব ও মিথ্যা।’

এ বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু বলেন, তারা কক্ষটি দলীয় কার্যালয়ের জন্য ভাড়া নিয়েছেন, দখল করেননি। ওই কক্ষে আগে আওয়ামী লীগের কার্যালয় ছিল কি না, সে বিষয়ে তিনি অবগত নন।

এদিকে এনসিপির কার্যালয় উদ্বোধনের পর ভবনমালিকের রাজনৈতিক পরিচয় ও ভবনটির আগের ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে।

ফেসবুকে সাঈদ আহমেদ নামের এক ব্যক্তি দাবি করেছেন, ভবনটির তৃতীয় তলায় আগে পৌর আওয়ামী লীগের কার্যালয় ছিল এবং সেটি উদ্বোধন করেছিলেন আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু।

স্থানীয় কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, লিয়াকত আলী তালুকদার বিভিন্ন সময়ে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন। তাদের ধারণা, এনসিপিকে ভবন ভাড়া দেওয়ার মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক অবস্থান সুরক্ষিত রাখার চেষ্টা করছেন। তবে এ বিষয়ে তাদের বক্তব্যের স্বাধীন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয় জানতে ভবনমালিক লিয়াকত আলী তালুকদারের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।