জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম হুঁশিয়ারি দিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়া হবে।
তিনি বলেন, "শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাকে ঠেকাতে আলাদা করে কাউকে কিছু করতে হবে না। জুলাই আন্দোলনে যারা তাদের স্বজন হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের পরিবার এখনও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে। আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট।"
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি শহরের একটি পার্টি সেন্টারে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার শুরুতে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এই হুঁশিয়ারি দেন।
সরকারের সামাজিক নিরাপত্তা ও কার্ড প্রকল্পগুলো নিয়ে প্রশ্ন তুলে সারজিস আলম জানান, ফ্যামিলি কার্ড প্রকল্পটি বাস্তবায়নযোগ্য নয় বলে সরকার বুঝতে পেরেছে। শুধু কার্ড তৈরির জন্য ২৪২ কোটি টাকা ব্যয় করার কথা ছিল, যা রাষ্ট্রীয় অর্থের অপচয় বলে তিনি মনে করেন। প্রকল্পের অর্থায়নের উৎস নিয়েও তিনি প্রশ্ন তোলেন। জনগণের কল্যাণে নামে নেওয়া অনেক প্রকল্পের বাস্তবায়নে অনিশ্চয়তা থাকায় তা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে মানুষকে লোভনীয় অফার দেখানো হয়েছিল, কিন্তু বাস্তবসম্মত পরিকল্পনা ও অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি।
বিএনপি নেতৃত্বাধীন সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে তার মন্তব্য ছিল, তারা এখন নিজেকে শিশু দাবি করছে। এরপর তারা কবে যুবক বা তরুণ হবে। অন্তর্বর্তীকালীন সরকারের তুলনায় বর্তমান পরিস্থিতি বেশি সংকটগ্রস্ত বলে তিনি মনে করেন। সরকার পরিচালনার জন্য কোনো প্রস্তুতি বা ব্যাকআপ না থাকায় বর্তমান সংকট সৃষ্টি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
দলের চলমান কর্মসূচি নিয়ে তিনি জানান, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ শুরু করা হয়েছে। কিছু মহল একে লং ড্রাইভ বললেও বেগম খালেদা জিয়াও একই পদ্ধতিতে লংমার্চ করেছিলেন বলে তিনি উল্লেখ করেন।
পরবর্তীতে ঝালকাঠি জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় দলের ভবিষ্যৎ পরিকল্পনা, স্থানীয় পর্যায়ে সংগঠন শক্তিশালীকরণ ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন এবং ঝালকাঠি জেলা এনসিপির সদস্য সচিব জুবায়ের হাওলাদার উপস্থিত ছিলেন।