মুক্তকণ্ঠ ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ২৯ নভেম্বর মুক্তকণ্ঠের কার্যালয় কারওয়ান বাজারে ১৭৩তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক। ‘আমাকে কেউ বোঝে না (মা-বাবার সঙ্গে সন্তানের মনের দূরত্ব)’—এই বিষয়ের ওপর পরামর্শ দেন বিশেষজ্ঞগণ। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
যোগাযোগের ঘাটতি বাবা–মায়ের সঙ্গে সন্তানের একধরনের দূরত্ব তৈরি করে। এই দূরত্ব প্যারেন্টিংয়ের জন্য নেতিবাচক। বয়ঃসন্ধিকালে সন্তানের সঙ্গে যোগাযোগ বাড়ানো ও দূরত্ব কমানো খুব দরকার। এ বিষয়ে বিশেষজ্ঞগণ ৩টি বিষয়ের প্রতি জোর দেন। যেমন-
মানসিক নিরাপত্তা: বাবা-মায়ের সাথে খোলামেলা আলোচনা থাকলে সন্তানরা নিজেদের নিরাপদ মনে করে। তারা সহজে তাদের মনের ভয়, কৌতূহল বা হতাশাগুলো ভাগ করে নিতে পারে।
আত্মবিশ্বাস বৃদ্ধি: সঠিক সময়ে সঠিক দিকনির্দেশনা পেলে কিশোর-কিশোরীদের আত্মবিশ্বাস বাড়ে এবং তারা ভুল পথে যাওয়া থেকে দূরে থাকে।
মানসিক স্বাস্থ্য সুরক্ষা: যোগাযোগের অভাবে অনেক সময় সন্তানরা একাকীত্ব বা ডিপ্রেশনে ভুগে থাকে, যা তাদের দীর্ঘমেয়াদী মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।