প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলানাগরি কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড়-বাইশারি সড়কটি বর্তমানে চরম আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সড়কের দুই পাশে ঘন জঙ্গল আর পাহাড়ের সারি এবং মাঝখানে পিচঢালাই রাস্তা—দৃশ্যত অত্যন্ত মনোরম মনে হলেও, এই পথে চলাচলে এখন সাধারণ মানুষের মনে গভীর আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দিনের আলোতেও এই সড়ক দিয়ে যাতায়াত করতে ভয়ে ভয়ে থাকেন পথচারী ও চালকরা। আর সূর্য ডোবার সাথে সাথেই এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়কে প্রায়ই পরিকল্পিতভাবে গাছের গুঁড়ি ফেলে যানবাহন থামিয়ে দেওয়া হয়। এরপর সশস্ত্র ডাকাতরা আক্রমণ করে এবং অস্ত্রের মুখে যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে পাশের গভীর জঙ্গলে নিয়ে যায়। সেখানে যাত্রীদের নির্মমভাবে মারধর করা হয় এবং তাদের কাছ থেকে টাকা ও মুঠোফোন লুট করে নেওয়া হয়। শুধু লুটতরাজই নয়, অনেক ক্ষেত্রে যাত্রীদের অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের ঘটনাও ঘটছে। প্রকৃতির এই সুন্দর পথে এখন কেবলই দস্যুদের রাজত্ব এবং সাধারণ মানুষের চরম নিরাপত্তাহীনতা।