ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ মুহূর্তে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে বিএনপি। এতে ভোটের মাঠে সমীকরণ বদলে যেতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি মুক্তকণ্ঠকে নিশ্চিত করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের কাছ থেকে মৌখিকভাবে এ নির্দেশনা পাওয়া গেছে। পরে দলের দপ্তর থেকেও একই নির্দেশ দেওয়া হয়। লিখিত নির্দেশনা না এলেও মৌখিক নির্দেশনার ভিত্তিতে নেতা-কর্মীরা জসিম উদ্দিনের পক্ষে কাজ শুরু করেছেন।

এর আগে ঋণখেলাপি হওয়ার অভিযোগে কুমিল্লা–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হয়। পরে দলটি কার্যত প্রার্থীশূন্য হয়ে পড়ে। এ অবস্থায় জোটগত সিদ্ধান্ত অনুযায়ী, ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থনের নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যে বিএনপির নেতা-কর্মীরা জসিমের পক্ষে মাঠে নেমেছেন।

এই আসনে ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বিএনপির সমর্থন পাওয়ার আগে ভোটের মাঠে তাঁর বড় কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না বলে মনে করা হচ্ছিল। তবে নতুন সমর্থনে ভোটের লড়াই এখন জমে উঠছে।

হাসনাত আবদুল্লাহর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জানিয়ে প্রার্থী জসিম উদ্দিন বলেন, বিএনপির সমর্থন পাওয়ায় তিনি আশাবাদী। দেবীদ্বার বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। সময় কম থাকলেও প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে চান। বিএনপির নেতা-কর্মীরা তাঁর পক্ষে মাঠে থাকায় জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি।

প্রার্থিতা হারানো বিএনপির সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, দলের সব নেতা-কর্মীকে ট্রাক প্রতীকের প্রার্থীর পক্ষে মাঠে নামতে বলা হয়েছে। তাঁর ভাষ্য, ‘দেবীদ্বারে এখন ট্রাক প্রতীকই ধানের শীষ।’

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়। এ সময়ে ট্রাক প্রতীকে সমর্থনের বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চান স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা।

বাকি সময়টুকু কাজে লাগাতে চান জানিয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব বলেন, ‘দেবীদ্বার অনেক বড় উপজেলা। আমাদের মানুষের কাছে পৌঁছাতে হবে। এ জন্য আজ আমরা জসিমের সঙ্গে বসব। চেষ্টা করছি বাকি সময়টুকু কাজে লাগানোর। আশা করছি, ট্রাক প্রতীককে আমরা বিজয়ী করিয়ে আনতে পারব।’এ বিষয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ মুক্তকণ্ঠকে বলেন, তাঁর কাছে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীই দুর্বল নয়। তিনি ভোটের মাঠে সবাইকে হেভিওয়েট প্রার্থী হিসেবে দেখছেন।

কুমিল্লা–৪ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল করিম (হাতপাখা) এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকার (আপেল)। এ ছাড়া খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান (দেয়াল ঘড়ি) ইতিমধ্যে হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।