বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল এবং ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রমের ৮৬টি প্রতিষ্ঠানকে পুনরায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে বোর্ড কর্তৃপক্ষ।
গত সোমবার (১৯ অক্টোবর) কারিগরি শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশ করা হয়।
বোর্ড থেকে পাঠানো ওই নোটিশে জানতে চাওয়া হয়েছে, নিয়ম ভঙ্গকারী এই প্রতিষ্ঠানগুলোর পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না। উল্লেখ্য যে, এর আগে গত ৪ অক্টোবর প্রথম দফায় এই প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
কারিগরি বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, অভিযুক্ত এই ৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠান টানা বিগত ৩ বছর ধরে কোনো শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করেনি। প্রতিষ্ঠান অনুমোদনের নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, পরপর তিন বছর কোনো প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি না করা হলে সেই প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল যোগ্য বলে গণ্য হবে।
পাশাপাশি, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২০’-এর উপনীতি ৫.৪ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষক ও কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি গঠন, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ, পাঠাগার স্থাপন এবং অন্যান্য প্রযোজ্য শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি বাতিল করতে পারবে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “টানা তিন বছর ভর্তি কার্যক্রম বন্ধ থাকায় তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর আগামী ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি স্থগিতসহ কেন তাদের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য পুনরায় নির্দেশ দেওয়া হলো।”