নাটোরের বড়াইগ্রামের বনপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ১৪ জনের মৃত্যু এবং ৩০ জনের আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে দলটির পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই শোক প্রকাশ করা হয়।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “মঙ্গলবার ভোরে নাটোরের বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জনের মৃত্যু এবং অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক।” এই মর্মান্তিক দুর্ঘটনায় বিপুল প্রাণহানি এবং অসংখ্য মানুষের আহত হওয়ার ঘটনায় তিনি নিজেকে গভীরভাবে ব্যথিত ও শোকাহত বলে বর্ণনা করেছেন।

তিনি মহান আল্লাহ তায়ালার কাছে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রত্যাশা জানান। একই সঙ্গে তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেন।

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল আহত ব্যক্তিদের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। এই লক্ষ্যে তিনি সরকার এবং সংশ্লিষ্ট সকল বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

সড়ক দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, “দেশের সড়ক ও মহাসড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রোধে সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।”

সড়ক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি আরও বলেন, “সড়কে দুর্ঘটনা কমাতে অদক্ষ চালকদের গাড়ি চালানো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধ করা এবং সড়ক সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”