নাটোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। এই মারাত্মক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে। নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আক্তার হোসেন মুক্তকণ্ঠকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নাটোর ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আরপি পরিবহনের বাসটি বরিশাল থেকে আসছিল। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

নাটোর ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্র আরও জানায়, সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। এছাড়া অন্তত ২৫ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও উদ্ধারকারী দল আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ নাটোর ও রাজশাহীর হাসপাতালে প্রেরণ করে। তবে চিকিৎসাধীন অবস্থায় নাটোর সদর হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়।