২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ৩–২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মিসর। ওই ম্যাচে রেফারির কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করায় মিসর দলের কোচ হোসাম হাসান এবং ফরোয়ার্ড মোস্তফা জিকোসহ তিনজনকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। গতকাল এই বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানিয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।

রেফারির ভুল সিদ্ধান্তকেই মিসরের বিদায়ের মূল কারণ হিসেবে চিহ্নিত করায় শাস্তি পেতে হয়েছে ৬০ বছর বয়সী কোচ হোসাম হাসানকে। তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। হারের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, “মাঠের ভেতরে কিছু সিদ্ধান্ত এবং মাঠের বাইরে কিছু বিষয় ম্যাচের ফলকে প্রভাবিত করেছে। হয়তো তারা চেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা টুর্নামেন্টে টিকে থাকুক। হয়তো তারা চেয়েছিল মেসি প্রতিযোগিতায় থাকুক।”

আক্ষেপ করে হাসান আরও বলেছিলেন, “বাস্তব জীবন অন্যায্য হতে পারে, কিন্তু খেলাধুলায়ও কেন ন্যায্যতা থাকবে না? এই ম্যাচের ফল এবং যেভাবে সবকিছু ঘটেছে, তাতে আমি সন্তুষ্ট নই। বলতে চাই “দুর্ভাগ্য”, কিন্তু বাস্তবে আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে।”

অন্যদিকে, ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য বা কটূক্তি করার দায়ে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন মোস্তফা জিকো। এছাড়া কোচ হোসাম হাসানের যমজ ভাই এবং মিসর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসানকেও তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।

মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের (ইএফএ) এক বিবৃতিতে জানানো হয়েছে, “সিদ্ধান্ত অনুযায়ী হোসাম হাসান ও ইব্রাহিম হাসান দুজনেই তিন ম্যাচ করে এবং জিকো পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন।”

ফিফার এই শাস্তির বিরুদ্ধে আপিল করার আইনি দিকগুলো খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে শাস্তির বিস্তারিত কারণ জানতে চেয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। তারা ফিফার শৃঙ্খলা কমিটির কাছে এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছে।

আটলান্টায় অনুষ্ঠিত ওই ম্যাচে ২–২ গোলের সমতায় থাকা অবস্থায় শেষ দিকে পেনাল্টির আবেদন নাকচ হয় মিসর দলের। এর আগে গোল করার প্রক্রিয়ায় বা ‘বিল্ড আপে’ ফাউলের অভিযোগে মোস্তফা জিকোর করা একটি গোল বাতিল করে দেন রেফারি। উল্লেখ্য, ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত ২–০ গোলে এগিয়ে ছিল মিসর। তবে শেষ দিকে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ৭৯ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো, ৮৩ মিনিটে লিওনেল মেসি এবং যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজ গোল করে দলকে জয় এনে দেন।

তবে রেফারি লেতেক্সিয়রের পাশে দাঁড়িয়েছেন ফিফার রেফারিং প্রধান পিয়েরলুইজি কলিনা। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের অভিযোগ রেফারি এবং তাঁদের পরিবারের জন্য হুমকির কারণ হতে পারে।

এই নিষেধাজ্ঞার ফলে আগামী নভেম্বরে আফ্রিকা কাপ অব নেশনস বাছাইপর্বের পরবর্তী রাউন্ডে মালাউইয়ের বিপক্ষে ম্যাচে হোসাম হাসান ও ইব্রাহিম হাসান দলের সাথে থাকতে পারবেন না। এছাড়া মার্চের আন্তর্জাতিক বিরতির প্রথম ম্যাচেও তাঁদের অনুপস্থিতি থাকবে। অন্যদিকে, মোস্তফা জিকোকে আগামী জুন পর্যন্ত জাতীয় দলের বাইরে থাকতে হবে।

গত জুলাইয়ে সমাপ্ত বিশ্বকাপে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। তবে দক্ষিণ আমেরিকার এই দলটিকে ১–০ গোলে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্পেন।