ফ্রিল্যান্সার, রিমোট কর্মী এবং অফশোর ব্যবসার মালিকদের অর্জিত বিদেশি আয় বৈধ উপায়ে দ্রুত দেশে ফিরিয়ে আনতে এক বিশেষ রেমিট্যান্স সেবা চুক্তিতে আবদ্ধ হয়েছে এনআরবি ব্যাংক পিএলসি এবং ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ফ্যাসেট লাবুয়ান লিমিটেড। উল্লেখ্য যে, বাংলাদেশে কোনো ব্যাংকের সঙ্গে ফ্যাসেটের এটিই প্রথম অংশীদারত্ব। উভয় প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী, দেশে এই ধরনের উদ্যোগটি প্রথম।
গত ২২ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে অবস্থিত এনআরবি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির আওতায় ফ্যাসেটের মাধ্যমে বিদেশ থেকে অর্থ প্রাপ্ত গ্রাহকেরা এখন থেকে এনআরবি ব্যাংকের মাধ্যমে সেই অর্থ দেশে গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে ব্যাংকের নির্ধারিত বিনিময় হার কার্যকর হবে। এর ফলে প্রথমবারের মতো বাংলাদেশে ফ্যাসেটের গ্রাহকেরা সরাসরি একটি স্থানীয় ব্যাংকের মাধ্যমে তাঁদের আয় দেশে আনার সুযোগ লাভ করছেন।
যেহেতু প্রতিটি লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হবে, তাই গ্রাহকদের বিদেশি আয়ের একটি যাচাইকৃত রেকর্ড ব্যাংকে সংরক্ষিত থাকবে। পাশাপাশি, প্রযোজ্য ক্ষেত্রে দেশে আসা প্রবাসী আয়ের (রেমিট্যান্স) বিপরীতে তাঁরা সরকারের নির্ধারিত নগদ প্রণোদনাও পাবেন। এছাড়া ব্যবসায়ীদের জন্য রপ্তানি আয়ের প্রয়োজনীয় কাগজপত্র তৈরির প্রক্রিয়াটি আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক হিসেবে এনআরবি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতিমালা অনুসরণ করে এই রেমিট্যান্স বিতরণ করবে। গ্রাহকের পরিচিতি যাচাই (কেওয়াইসি) এবং মানি লন্ডারিং প্রতিরোধ (এএমএল) সংক্রান্ত প্রাথমিক যাচাইয়ের দায়িত্ব পালন করবে ফ্যাসেট। অন্যদিকে, গ্রাহকের হিসাবে অর্থ জমা হওয়ার আগে প্রাপকের তথ্যের সঠিকতা যাচাই এবং স্থানীয় পর্যায়ে এএমএল স্ক্রিনিং করবে এনআরবি ব্যাংক। এর ফলে পুরো লেনদেন প্রক্রিয়াটি নিরাপদ হবে এবং প্রতিটি কারবারের যথাযথ হিসাব থাকবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, চিফ অপারেটিং অফিসার (সিওও) ও ক্যামেলকো আনোয়ার উদ্দিন বলেন, ‘রেমিট্যান্স বাড়ানো ও গ্রাহকসেবা সহজ করার ক্ষেত্রে এই অংশীদারত্ব আমাদের জন্য একটি বড় পদক্ষেপ। ফ্যাসেটের ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে প্রবাসী বাংলাদেশিরা তাঁদের কষ্টার্জিত অর্থ আরও দ্রুত, নিরাপদে ও নির্ভরযোগ্যভাবে দেশে পাঠাতে পারবেন।’
ফ্যাসেটের চিফ গ্রোথ অফিসার সাদ নাভিদ পাল বলেন, ‘এনআরবি ব্যাংকের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে বাংলাদেশে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত হবে। আমরা প্রযুক্তিনির্ভর ও ঝামেলাহীন আন্তর্জাতিক লেনদেনব্যবস্থা গড়ে তুলতে চাই, আর এই চুক্তি সেই লক্ষ্যের সঙ্গে পুরোপুরি মিলে যায়।’
সাদ নাভিদ পাল আরও বলেন, ‘একসঙ্গে আমরা রেমিট্যান্স আরও সহজ করব এবং ডিজিটাল মাধ্যমে আর্থিক সেবা মানুষের আরও কাছে পৌঁছে দেব।’
রেমিট্যান্স ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে কৌশলগত সহযোগিতা এবং প্রযুক্তিনির্ভর সেবার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এনআরবি ব্যাংক। বর্তমান চুক্তিটি সেই বৃহত্তর উদ্যোগেরই একটি অংশ। ভবিষ্যতে আন্তর্জাতিক রেমিট্যান্স সেবা আরও সহজ ও দক্ষ করার সম্ভাবনা নিয়ে কাজ করবে এই দুই প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) কিমিয়া সাদাত, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তৌফিকুল আলম চৌধুরী, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কার্ড বিভাগের প্রধান খাজা ওয়াসিউল্লাহ এবং ফ্যাসেটের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) আসিফ নাহিন তাপস ও গ্লোবাল সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার কাজী সাজিদুল হাসান।