পাকিস্তানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘তামাশা ৫’-এর রানারআপ এজরা আয়েশা সম্প্রতি এক চমকপ্রদ তথ্য সামনে এনেছেন। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত তিনি প্রায় ৬০ থেকে ৭০টি বিয়ের প্রস্তাব পেয়েছেন। আশ্চর্যের বিষয় হলো, এই প্রস্তাবদাতাদের মধ্যে বেশ কয়েকজন বিবাহিত পুরুষও ছিলেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিয়ের প্রস্তাব এবং নিজের ভবিষ্যৎ জীবনসঙ্গী সম্পর্কে পছন্দের কথা বিস্তারিতভাবে জানান এই অভিনেত্রী। সাক্ষাৎকারে এজরা জানান, তাঁর দাদি চেয়েছিলেন তিনি যেন তাঁরই এক চাচাতো ভাইকে বিয়ে করেন। তবে পারিবারিক এই ইচ্ছার বিপরীতে এজরা স্পষ্ট করেছেন যে, বিয়ের পিঁড়িতে বসার আগে তিনি নিজের ক্যারিয়ারকে আরও সুসংহত ও গুছিয়ে নিতে চান।
বিয়ের প্রস্তাবগুলোর কথা উল্লেখ করতে গিয়ে অভিনেত্রী আরও জানান, একজন বিবাহিত রাজনীতিবিদ তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এজরার দাবি অনুযায়ী, ওই ব্যক্তি তাঁকে বিয়ে করলে গাড়ি, ক্রেডিট কার্ড এবং বিদেশ ভ্রমণসহ নানা ধরনের বিলাসী সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
শুধু দেশেই নয়, বিদেশ থেকেও তিনি প্রস্তাব পেয়েছেন। যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক বিবাহিত পুরুষও তাঁকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। এজরার ভাষ্যমতে, ওই ব্যক্তি দাবি করেছিলেন যে তাঁর বর্তমান স্ত্রী দ্বিতীয় বিয়ে মেনে নিতে রাজি আছেন।
তবে এসব প্রস্তাবের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়েছেন এজরা। তিনি স্পষ্টভাবে বলেছেন যে, তিনি কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করতে আগ্রহী নন। কারণ, অন্য কোনো নারীর সাজানো সংসার ভাঙার কারণ হতে চান না তিনি।
ভবিষ্যৎ জীবনসঙ্গীর বিষয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করে এজরা বলেন, তিনি এমন একজন জীবনসঙ্গী চান, যিনি নারীদের সম্মান করবেন এবং শুধু তাঁর প্রতিই প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন।