চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া মো. রাকিবুল (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বেড়াচকি এলাকার একটি সরকারি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

নিহত রাকিবুল নাচোল ইউনিয়নের দিঘীপাড়া গ্রামের মো. আবদুল বাসেদের ছেলে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাতটার দিকে রাজবাড়ীহাট বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রাকিবুল। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তার কোনো খোঁজ না পেয়ে উদ্বিগ্ন স্বজনরা বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেন।

পরবর্তীতে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বেড়াচকি এলাকার একটি সরকারি পুকুরে রাকিবুলের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এই খবর পেয়েই স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, “খবর পেয়ে পুলিশ রাকিবুলের বাড়িতে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”