মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় জায়ান নামের তিন বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার মতিগঞ্জ বাজারের পাশে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু জায়ান মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট এলাকার বাসিন্দা আব্দুল মুহিত দিপুর ছেলে। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন জায়ানের ৮ বছর বয়সি ভাই আয়ান, বাবা আব্দুল মুহিত দিপু এবং দাদি শামছুন নাহার।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শ্রীমঙ্গলের মতিগঞ্জ বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় প্রাইভেটকারটি। এ সময় গাড়িটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা একই পরিবারের চার যাত্রীই মারাত্মক আহত হন। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই শ্রীমঙ্গল উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত শিশু জায়ানকে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও জায়ানের দাদির দুই পা এবং শিশু আয়ানের এক পা ভেঙেছে। এ ছাড়া জায়ানের বাবা আব্দুল মুহিত দিপুর বুক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার পরিদর্শক মুমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে হাইওয়ে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।