লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক স্কুলছাত্রের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে চন্দ্রগঞ্জের সাদারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক প্রবাসী যাত্রীকে নিয়ে আসা একটি প্রাইভেটকার উল্টো পথে চলে গেলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা পাঁচ যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহত স্কুলছাত্র ফরহাদ হোসেন জনিকে প্রথমে মাইজদীর প্রাইম হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। অন্য আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।