রাঙামাটির সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে সাত পর্যটক আহত হয়েছেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার (১৮ অক্টোবর) সকালে পর্যটকদের নিয়ে সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে জিপটি শিজকছড়া এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন মো. আজাহার মিয়া (৬০), মোসা. শাহানারা আক্তার (৪৫), মো. আরিফুর রহমান (৩৫), মো. সোহরাব (২৬), নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও মোসা. আশা (১৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। পরে তাদের দ্রুত খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। আহত পর্যটকেরা মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার বাসিন্দা বলে জানায় পুলিশ।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, চাঁদের গাড়ি উল্টে সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সেনাবাহিনীর সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।