খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় মালবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খাদে পড়ে চালক নিহত হ‌য়ে‌ছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গা যাওয়ার পথে আলুটিলা সাপমারা এলাকায় এ দুর্ঘটনাটি ঘ‌টে।

নিহত চালক চন্দন দত্ত খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়ক বসুন্ধরা এলাকার বাসিন্দা অমূল্য দত্তের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে খাগড়াছড়ি জেলা শহর থেকে মালামাল বোঝাই করে মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার দিকে যাচ্ছিল চাঁদের গাড়িটি। পথে আলুটিলা সংলগ্ন সাপমারা এলাকায় পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গভীর খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক চন্দন দত্ত।

নিহ‌ত চন্দনের চাচা বাবুল দত্ত জানান, চন্দন দীর্ঘ ২০ বছর যাবৎ আবুল খা‌য়ের কোম্পা‌নির ডিলার (এসএস ট্রেডার্স) স্বত্বা‌ধিকারী শিপ সংকরের গা‌ড়ি চালা‌তেন। সক‌ালে মালামাল নি‌য়ে মা‌টিরাঙ্গা ও গুইমারা যাওয়ার প‌থে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দে প‌ড়ে তার মৃত্যু হয়।

মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) আশরাফুল মুন্না মুক্তকণ্ঠকে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির নামে অপমৃত্যু মামলাসহ আইনি কার্যক্রম চলমান রয়েছে।