হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে। এই মৃত্যুর সাথে হাসপাতালে হামে মৃত শিশুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ জনে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় হাম আইসোলেশন ওয়ার্ডে নতুন আরও ৫৪ জন শিশুকে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে মোট ১৩৮ জন শিশু চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার বিস্তারিত জানিয়ে তিনি বলেন, “ময়মনসিংহের নান্দাইল থেকে গত শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সাড়ে ৭ বছরের শিশু ছেলেটিকে হাম আইসোলেশন ওয়ার্ডে নিয়ে এসে ভর্তি করা হয়। তাকেসহ অন্যান্য শিশুদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। তবে ভর্তির একদিন পর শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওই শিশুটি হামের উপসর্গের পাশাপাশি শক, তীব্র নিউমোনিয়া ও হৃদযন্ত্রের অকার্যকারিতায় মারা যায়।”
হাসপাতালের বর্তমান পরিস্থিতি ও পরিসংখ্যান সম্পর্কে ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান আরও বলেন, “চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৮ অক্টোবর সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫ হাজার ২২২ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৫ হাজার ৫ শিশু। তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”