ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশু মারা যাওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২-এ। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতালটির সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ময়মনসিংহ সদর উপজেলা থেকে গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার পর ১০ মাসের শিশু মেয়েটিকে হাম আইসোলেশন ওয়ার্ডে নিয়ে এসে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শিশুটি হামের উপসর্গ, নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরে মারা যায়।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হাম আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ২২ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন মোট শিশুর সংখ্যা ৯৩। চলতি বছরের ১৭ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মমেক হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৯৮৩ শিশু। এর মধ্যে গত এক দিনে ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন হাজার ৮১৮ শিশু।

ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান জানান, তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনেকে শিশুদেরকে জরুরি মুহুর্তে নিয়ে আসে। তাদেরকে সুস্থ করা কঠিন হয়ে পড়ে। হামের উপসর্গ দেখা দিলে শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা রাখতে হবে এবং হাসপাতালে নিয়ে আসতে হবে।