ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৭৩ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাম আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ৩১ শিশু ভর্তি হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দীন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার হাজমপ‌ড়া গ্রাম থেকে গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার পর সাড়ে তিন মাসের এক শিশুকে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাকেসহ অন্যান্য শিশুদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে শিশুটি হাম উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরে মারা যায়।

ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান আরও বলেন, এ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে মোট ১১৬ শিশু। চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪ হাজার ২৯২ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৯ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৪ হাজার ১০৩ শিশু। তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনেকেই শিশুদেরকে জরুরি মুহূর্তে নিয়ে আসে। ফলে তাদেরকে সুস্থ করা কঠিন হয়ে পড়ে। হামের উপসর্গ দেখা দিলে শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা রাখতে হবে এবং দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে।