সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নজরদারি কার্যক্রম আরও শক্তিশালী করতে মোটরসাইকেলের সামনের দিকেও ম্যানুয়াল নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় এই নম্বর প্লেট স্থাপন করতে হবে। নির্ধারিত এই সময়সীমার মধ্যে নির্দেশনা বাস্তবায়ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

বিআরটিএ তাদের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের মালিকদের নির্দিষ্ট সময়সীমা ও শর্তাবলী মেনে নিজ উদ্যোগে গাড়ির সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্দেশ দিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি (RFID) যুক্ত রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। তবে সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি জোরদার করতে পেছনের পাশাপাশি সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মোটরসাইকেলের মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত শর্ত মেনে ম্যানুয়াল নম্বর প্লেট স্থাপন করতে হবে।”

বিআরটিএর দেওয়া নির্দেশনা অনুযায়ী, সামনের এই নম্বর প্লেটটি অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। প্লেটটির পটভূমি হতে হবে সাদা, আর তার ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বর প্লেটে কোনো ধরনের নকশা করা যাবে না এবং অতিরিক্ত শোভাবর্ধনের কোনো সুযোগ রাখা হয়নি।

নির্দেশনায় স্কুটার এবং অন্যান্য সাধারণ মোটরসাইকেলের নম্বর প্লেটের জন্য আলাদা মাপ নির্ধারণ করে দেওয়া হয়েছে।

স্কুটার মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বর প্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। এছাড়া নম্বরের ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

অন্যদিকে, স্কুটার ব্যতীত অন্যান্য সাধারণ মোটরসাইকেলের নম্বর প্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এই ক্ষেত্রেও নম্বরের ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখার কথা বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে এই সকল নির্দেশনা অনুসরণ করে মোটরসাইকেলের সামনের নম্বর প্লেট স্থাপনের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুনরায় সতর্ক করা হয়েছে।