সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নজরদারি কার্যক্রম আরও শক্তিশালী করতে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় এই নম্বরপ্লেট স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত এই সময়সীমার মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট চালক ও মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বিআরটিএ কর্তৃক জারিকৃত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে মোটরসাইকেল মালিকদের নির্দিষ্ট সময়সীমা ও শর্তাবলি মেনে নিজ উদ্যোগে গাড়ির সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি (RFID) যুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে।” তবে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা এবং নজরদারি আরও জোরদার করার লক্ষ্যেই পেছনের পাশাপাশি সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে মোটরসাইকেল মালিকদের নিজস্ব উদ্যোগে এবং নির্ধারিত শর্ত মেনে এই ম্যানুয়াল নম্বরপ্লেট স্থাপন করতে হবে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের এই নম্বরপ্লেটটি অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। এতে সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের নকশা করা যাবে না এবং অতিরিক্ত শোভাবর্ধনের কোনো সুযোগ থাকবে না।
নির্দেশনায় স্কুটার এবং অন্যান্য সাধারণ মোটরসাইকেলের নম্বরপ্লেটের জন্য আলাদা মাপ নির্ধারণ করে দেওয়া হয়েছে।
স্কুটার মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। এক্ষেত্রে নম্বরের ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
অন্যদিকে, স্কুটার ব্যতীত অন্যান্য সাধারণ মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এই ধরনের মোটরসাইকেলের ক্ষেত্রেও নম্বরের ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখা বাধ্যতামূলক।
নির্ধারিত সময়ের মধ্যে এই সকল নির্দেশনা অনুসরণ করে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট স্থাপনের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।