গতকালকের দৃশ্য ছিল অন্যরকম। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা এবং আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহর সঙ্গে ট্রফির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন লিটন দাস। অধিনায়ক হিসেবে সিরিজের আগে সংবাদ সম্মেলনেও অংশ নিয়েছেন তিনি। তবে সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে তাকে দেখা গেল না। আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচে লিটনের পরিবর্তে দলের নেতৃত্ব দিচ্ছেন সহ–অধিনায়ক তাওহীদ হৃদয়।
লিটনের অনুপস্থিতি কেবল আজকের ম্যাচের জন্য নয়; নিতম্বের সংযোগস্থলে গুরুতর চোটের কারণে পুরো ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। আজ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি দিয়েই পূর্ণ মেয়াদে তাঁর অধিনায়কত্বের যাত্রা শুরু হওয়ার কথা ছিল, যা শেষ পর্যন্ত সম্ভব হয়নি।
ম্যাচের টসের সময় সহ–অধিনায়ক তাওহিদ হৃদয়ই প্রথম জানান যে, চোটের কারণে লিটন এই ম্যাচটি খেলতে পারছেন না। তবে এর কিছুক্ষণ পরেই এল আরও বড় দুঃসংবাদ। বিসিবি কর্তৃক পাঠানো একটি ভিডিও বার্তায় জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম নিশ্চিত করেন, চোটের কারণে এই পুরো সিরিজেই আর খেলা হবে না লিটনের।
ফিজিও বায়েজীদ বলেন, ‘গতকাল ডান হিপ জয়েন্টে অস্বস্তির কথা জানিয়েছিল লিটন। এরপর এমআরআই করানো হলে রিপোর্টে কিছু সমস্যা ধরা পড়ে। আজ ফিটনেস টেস্ট দেওয়ার চেষ্টা করেছিল সে, তবে নির্ধারিত বেঞ্চমার্ক পূরণ করতে পারেনি।’
জাতীয় দলে কেবল লিটনের চোটই নতুন সমস্যা নয়, অসুস্থতার কবলে রয়েছেন আরও একজন তারকা ক্রিকেটার। গত তিন দিন ধরে তীব্র জ্বরে ভুগছেন মেহেদী হাসান মিরাজ। অসুস্থতার কারণে গত দুই দিন তিনি অনুশীলনেও অংশ নিতে পারেননি। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তাকে খেলানো হচ্ছে না। তবে সিরিজের পরবর্তী ম্যাচগুলোতে মিরাজ মাঠে ফিরতে পারবেন কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।