বিদেশে উচ্চশিক্ষার জন্য উপযুক্ত দেশ নির্বাচন করার প্রক্রিয়াটি কেবল একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের নাম বা তার র‍্যাঙ্কিং দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। একই বিষয়ে পড়াশোনার সুযোগ থাকলেও দেশ এবং বিশ্ববিদ্যালয়ভেদে পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, গবেষণার সুযোগ এবং বিশেষায়নের ধরন ভিন্ন হতে পারে। তাই নিজের ব্যক্তিগত আগ্রহ, একাডেমিক লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশ ও বিশ্ববিদ্যালয় বেছে নেওয়া অত্যন্ত জরুরি। সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারলে উচ্চশিক্ষার অভিজ্ঞতা আরও ফলপ্রসূ ও অর্থবহ হয়ে উঠতে পারে।

প্রথমে ঠিক করুন আপনি কী শিখতে চান

বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করার প্রাথমিক পর্যায়ে নিজের পছন্দের বিষয়টি আরও নির্দিষ্ট করা প্রয়োজন। উদাহরণস্বরূপ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়তে চাইলে কেউ হয়তো অনুসন্ধানী সাংবাদিকতায় আগ্রহী, কেউ ডিজিটাল মিডিয়াতে, আবার কেউ চলচ্চিত্র নির্মাণ বা মিডিয়া গবেষণায় বিশেষজ্ঞ হতে চাইতে পারেন। একইভাবে ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের ক্ষেত্রেও ফিন্যান্স, মার্কেটিং, উদ্যোক্তা উন্নয়ন কিংবা ব্যবসায় বিশ্লেষণের মতো আলাদা আলাদা আগ্রহ থাকতে পারে।

তাই শুধু কোন দেশে বিষয়টি পড়ানো হয়, তা দেখলেই চলবে না। নিজের আগ্রহের বিশেষায়নের জন্য কোন বিশ্ববিদ্যালয়ের কোর্সটি সবচেয়ে বেশি উপযোগী, সেটি খুঁটিয়ে দেখতে হবে। কোর্সের নামের পাশাপাশি বিস্তারিত পাঠ্যক্রম বা মডিউল তালিকাটি গুরুত্ব দিয়ে পড়ুন। এর মাধ্যমে কোন বিষয়গুলো পড়ানো হবে, তাত্ত্বিক জ্ঞানের পরিধি কতটুকু এবং ব্যবহারিক কাজের সুযোগ কতটা রয়েছে, তা সহজেই বোঝা যাবে।

শিক্ষাপদ্ধতি আপনার সঙ্গে মানানসই কি না

বিশ্ববিদ্যালয়ভেদে শেখানোর পদ্ধতি ভিন্ন হয়ে থাকে। কোনো কোনো প্রতিষ্ঠানে বক্তৃতাভিত্তিক ক্লাস এবং পরীক্ষার ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়, আবার কোথাও দলগত প্রকল্প, প্রেজেন্টেশন, গবেষণা, কেস স্টাডি কিংবা ব্যবহারিক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। শিক্ষার্থী হিসেবে আপনি কোন পদ্ধতিতে সবচেয়ে ভালো শিখতে পারেন, তা বিবেচনায় রাখা জরুরি।

বিশেষ করে স্নাতকোত্তর পর্যায়ে পড়তে চাইলে থিসিস, গবেষণাভিত্তিক প্রকল্প এবং কোর্সভিত্তিক ডিগ্রির মধ্যকার পার্থক্যগুলো বুঝে নেওয়া উচিত। ভবিষ্যতে যদি গবেষক হওয়ার লক্ষ্য থাকে, তবে গবেষণার সুযোগ এবং সংশ্লিষ্ট শিক্ষকদের কাজের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অন্যদিকে, পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্য থাকলে প্রকল্পভিত্তিক শিক্ষা বা ব্যবহারিক কাজের সুযোগ বেশি উপযোগী হতে পারে।

বিদেশে উচ্চশিক্ষার জন্য উপযুক্ত দেশ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন, ব্যয় ও কর্মসংস্থানের বিষয়ে সানজেন এডুকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুল হক মুক্তকণ্ঠকে বলেন, “উচ্চশিক্ষার জন্য দেশ নির্বাচনের আগে শিক্ষার্থীর একাডেমিক যোগ্যতা, পছন্দের বিষয়, ক্যারিয়ার পরিকল্পনা ও আর্থিক সামর্থ্য বিবেচনা করা জরুরি। টিউশন ফির পাশাপাশি জীবনযাত্রার ব্যয় ও বৃত্তির সুযোগ যাচাই করতে হবে।” তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ের পাশাপাশি স্বীকৃতি, কোর্সের মান, গবেষণা, ইন্টার্নশিপ, স্নাতকোত্তর কর্মসংস্থানের সম্ভাবনাও বিবেচনায় রাখা উচিত।”

দেশের চেয়ে কোর্সের মানকে গুরুত্ব দিন

বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক র‍্যাঙ্কিং একটি প্রাথমিক ধারণা দিতে পারে, তবে তা দিয়ে নির্দিষ্ট বিষয়ের মান পুরোপুরি বোঝা সম্ভব নয়। একটি বিশ্ববিদ্যালয় হয়তো সামগ্রিক তালিকায় খুব ওপরে নেই, কিন্তু আপনার পছন্দের বিষয়ে সেখানে চমৎকার পাঠ্যক্রম, অভিজ্ঞ শিক্ষক কিংবা উন্নত গবেষণার সুযোগ থাকতে পারে।

বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে কোর্সের বিবরণ, শিক্ষকদের গবেষণার ক্ষেত্র, বিভাগীয় সুযোগ-সুবিধা এবং শিক্ষার্থীদের তৈরি প্রকল্পের নমুনাগুলো দেখুন। সম্ভব হলে বর্তমান শিক্ষার্থী বা প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে তাদের অভিজ্ঞতা জানুন। ক্লাসের ধরন, শিক্ষকদের সহায়তা এবং কোর্সের বাস্তব চিত্র সম্পর্কে তারা এমন সব তথ্য দিতে পারেন, যা কেবল প্রচারমূলক ওয়েবসাইটে পাওয়া কঠিন।

সিদ্ধান্ত নিন তুলনা করে

একসঙ্গে অনেক দেশের বিশ্ববিদ্যালয় নিয়ে খোঁজ করতে গেলে অনেক সময় বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই প্রথমে নিজের পছন্দের বিষয় অনুযায়ী কয়েকটি সম্ভাব্য কোর্স তালিকাভুক্ত করুন। এরপর সেগুলোর পাঠ্যক্রম, বিশেষায়নের সুযোগ, শিক্ষাপদ্ধতি, গবেষণার সুবিধা এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশের মধ্যে তুলনা করুন। প্রতিটি কোর্স আপনার লক্ষ্য পূরণে কীভাবে সাহায্য করবে, তা লিখে রাখলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

মনে রাখা প্রয়োজন, বিদেশে উচ্চশিক্ষার জন্য সেরা দেশ সবার ক্ষেত্রে এক নয়। অন্য কারও জন্য যে বিশ্ববিদ্যালয়টি উপযুক্ত, আপনার জন্য সেটি না-ও হতে পারে। তাই কেবল জনপ্রিয়তা বা পরিচিতির পেছনে না ছুটে নিজের আগ্রহ, শেখার ধরন এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য অনুযায়ী দেশ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।