মন্ত্রপাঠ, উলুধ্বনি এবং ঢাক, শঙ্খ ও কাঁসরের গম্ভীর বাদ্যধ্বনির মধ্য দিয়ে গতকাল শুক্রবার দেশজুড়ে উদ্যাপিত হয়েছে দুর্গাষষ্ঠী। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ শনিবার।
চলতি বছরের দুর্গাপূজায় মহাসপ্তমী দুই দিনব্যাপী পালিত হবে। প্রথম দিন আজ সকাল ৭টা ৩৯ মিনিট থেকে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যবর্তী সময়ে দেবী দুর্গার নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ এবং মহাসপ্তমীবিহিত পূজা অনুষ্ঠিত হবে। আগামীকাল হবে মহাসপ্তমীর দ্বিতীয় দিন।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গনের বেলতলায় গতকাল সকাল ৯টায় ষষ্ঠীপূজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। মেলাঙ্গনে দুর্গাপূজার মণ্ডপের সামনেই রয়েছে বেলগাছ, যা ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে। বেলতলায় ফলমূল, দইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দিয়ে তৈরি প্রসাদ রাখা হয়। পাশাপাশি আমপাতা, বেলপাতা, দূর্বা, ফুলসহ পূজার প্রয়োজনীয় নানা উপকরণ সাজানো থাকে। প্রদীপ জ্বালানোর সাথে সাথে চারদিকে ছড়িয়ে পড়ে ধূপের সুগন্ধি ধোঁয়া। সকাল ৯টায় পুরোহিতরা বেলতলায় আসন গ্রহণ করে মন্ত্র পাঠ শুরু করেন।
একদিকে যখন পুরোহিতদের মন্ত্রপাঠ চলছিল, অন্যদিকে তখন ঢাক, শঙ্খ, ঘণ্টা ও কাঁসরের শব্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ। ভক্তদের উলুধ্বনিতে পরিবেশ হয়ে ওঠে আনন্দময়। পূজার মধ্যবর্তী সময়ে পুরোহিতদের প্রদীপ ও পাখা হাতে আরতি (নৃত্য) করতে দেখা যায়। সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা সম্পন্ন হয়। এরপর পুরোহিতরা ভক্তদের মাঝে শান্তির জল ছিটিয়ে দেন।
এরপর ঢাকেশ্বরী মন্দিরের দুর্গাপূজা মণ্ডপে উপস্থিত ভক্তরা অঞ্জলি প্রদান করেন। অঞ্জলি শেষে প্রার্থনারত পুরোহিত ধর্মদাস চট্টোপাধ্যায় বলেন, “সবার যেন মঙ্গল লাভ হয়। সব অমঙ্গল যেন দূরে চলে যায়। সবার ঘরে ঘরে শান্তি প্রতিষ্ঠিত হোক।”
গতকাল সায়ংকালে (সন্ধ্যায়) দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হয়। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এবার দেবী দুর্গা এসেছেন ঘোটকে (ঘোড়ায়) এবং বিদায় নেবেন নৌকায়। সনাতন ধর্মের শাস্ত্রমতে, শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী বাপের বাড়ি বেড়াতে গতকাল মর্ত্যলোকে এসেছেন। বর্ণিত আছে যে, অসুর শক্তির কাছে পরাভূত হয়ে দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে দেবতারা একত্রিত হন এবং তাঁদের সম্মিলিত তেজরশ্মি থেকে আবির্ভূত হন অসুরবিনাশী দেবী দুর্গা।
আগামী সোমবার পালিত হবে মহা অষ্টমী, মঙ্গলবার মহানবমী এবং বুধবার বিজয়া দশমী ও দেবী বিসর্জন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে এবার মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরে পূজা হচ্ছে ২৫৮টি মণ্ডপে।