নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত সোয়া ৯টায় নিহতের স্ত্রী আনন্দিতা বাদী হয়ে দুর্গাপুর থানায় ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে এ মামলা দায়ের করেন।
এর আগে গত বৃহস্পতিবার রাত আটটার দিকে দুর্গাপুর উপজেলার তিলনজিয়া এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে ওই সাংবাদিককে গুলি করে পালিয়ে যায়।
এদিকে শুক্রবার বিকেলে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ডিটপুর গ্রামে নিজ বাড়িতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
মরদেহ দাফনের সময় স্বজনদের কান্না ও আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্বজনেরা আসামিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি বিচারহীনতার আশঙ্কা প্রকাশ করেছেন।
মামলার বাদী আনন্দিতা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীর একমাত্র অপরাধ ছিল তিনি অন্যায়ের সঙ্গে কোনো দিন আপস করেননি। তিনি সন্তানদের ভীষণ ভালোবাসতেন। আমার দুটি ছোট শিশুকে যারা এ বয়সে এতিম করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। এ হত্যার বিচার না হলে দেশের কোনো মানুষ বা সাংবাদিক নিরাপদ থাকবেন না।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাখের আহমেদ জানান, ঘটনার পর অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে এসআরবি, পিবিআই, থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম সমন্বিতভাবে মাঠে কাজ করছে। খুব দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।