সৌদি আরবে হুতির ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদর। তাঁর এই অকাল প্রয়াণে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছে এনসিপি। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদির নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন।
গত শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামে গিয়ে মরহুমের স্বজনদের সঙ্গে কথা বলেন মাওলানা আশরাফ উদ্দিন মাহদি। এই সাক্ষাতের সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভিডিও কলের মাধ্যমে যুক্ত হন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের খোঁজখবর নেন ও গভীর শোক প্রকাশ করেন।
সাক্ষাৎকালে মাওলানা আশরাফ উদ্দিন মাহদি এবং এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ ওলামা অ্যালায়েন্সের প্রতিনিধিরা মরহুমের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তাঁরা পরিবারের বর্তমান পরিস্থিতি এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, মুফতি নাসরুল্লাহ বদরের মরদেহ সৌদি আরবেই দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাফন প্রক্রিয়া এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পন্ন করার জন্য তাঁর ভগ্নিপতি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।
মরহুমের স্মৃতিচারণ করে আশরাফ উদ্দিন মাহদি বলেন, “নাসরুল্লাহ ভাই লালবাগ মাদ্রাসায় পড়ার সময় আমাদের চার ব্যাচ সিনিয়র ছিলেন। যখনই দেখা হতো হাসিমুখে কথা বলতেন। লালবাগ শাহী মসজিদের বারান্দায় দীর্ঘ সময় কিতাব মুতায়ালা করতে দেখতাম। কখনো ফজরের নামাজ আদায় করে দেখেছি তিনি সারারাত কিতাব নিয়ে বসে আছেন। তিনি বাবরি চুল রেখেছিলেন ওমরায় গিয়ে কাটার জন্য। আল্লাহ তাআলা তার ইহরামের কাপড়কে কাফনের কাপড় বানিয়ে দিয়েছেন। জান্নাতুল বাকিতে কবরের ব্যবস্থা করে আজীবনের জন্য তার ঘরের মেহমান বানিয়ে নিয়েছেন।”
তিনি আরও বলেন, “এত অল্প বয়সে তিনটি শিশুর পিতৃহারা হওয়ার বেদনা অত্যন্ত মর্মান্তিক। এই কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়ানো এবং শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব।”
ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাঁর সহমর্মিতা প্রকাশ করেন। নিহতের বড় ভাই মুফতি আহসানুল্লাহর সঙ্গে কথা বলে নাহিদ ইসলাম বলেন, “মুফতি নাসরুল্লাহ ভাইকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আপনারা তার পরিবারের দায়িত্ব নিয়েছেন। নিশ্চয়ই আপনারা এর উত্তম প্রতিদান পাবেন।”
এনসিপি নেতারা মরহুম মুফতি নাসরুল্লাহ বদরের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং মহান আল্লাহর কাছে তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন পরিস্থিতি ধৈর্যধারণের তৌফিক দেওয়ার প্রার্থনা জানিয়েছেন।