কুমিল্লায় আদালত চত্বর থেকে হাতকড়া পরিহিত অবস্থায় এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা সংঘটিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নাঙ্গলকোট থানা থেকে ওই আসামিকে কুমিল্লা আদালতে নিয়ে আসা হয়েছিল। তবে আদালতে আনুষ্ঠানিকভাবে তাকে হস্তান্তরের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তিনি হাতকড়া পরা অবস্থায় চম্পট দেন।

ঘটনার পরপরই পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। তবে পুলিশের নজর এড়িয়ে হাতকড়া পরা অবস্থায় কীভাবে তিনি পালিয়ে যান, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এ ব্যাপারে কুমিল্লা আদালত ফাঁড়ির কর্মকর্তা ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।