বাংলাদেশ রেলওয়ের বহর আধুনিকায়নের লক্ষ্যে ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ দেশে এসে পৌঁছেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথের মাধ্যমে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করে।

পাকশী বিভাগীয় রেলওয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম জানান, ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন থেকে ছেড়ে আসা কোচগুলো চেকপোস্টের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে দর্শনায় পৌঁছায়। জানা গেছে, গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালা থেকে কোচগুলোর যাত্রা শুরু হয়েছিল।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ মে বাংলাদেশ সরকার একটি বিশেষ প্রকল্পের আওতায় ব্রডগেজ রেলকোচ সংগ্রহের জন্য ভারতের ‘রাইটস লিমিটেড’ নামক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। পরবর্তীতে ২০২৫ সালের ১১ নভেম্বর উক্ত চুক্তিটি সংশোধিত হয়।

দর্শনা স্টেশনে পৌঁছানোর পর কোচগুলোর প্রাথমিক পরিদর্শন এবং কাস্টমস ক্লিয়ারেন্সসহ প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে কোচগুলো এখন নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিয়ে যাওয়া হবে। সেখানে প্রাথমিক সংযোগ স্থাপন, কার্যক্ষমতা যাচাই এবং প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করার পর কোচগুলো নিয়মিত যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ের কোচ বহরকে আধুনিক করার পরিকল্পনার অংশ হিসেবে রাইটস লিমিটেডের মাধ্যমে মোট ২০০টি ব্রডগেজ রেলকোচ সংগ্রহ করা হচ্ছে। সেই চুক্তির প্রথম চালানে চার ধরণের মোট ১৮টি কোচ দেশে এসেছে। এর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার, ৩টি এসি চেয়ার, ২টি এসি স্লিপার এবং ২টি এসি পাওয়ার কার। পাওয়ার কারগুলোতে গার্ডদের জন্য পৃথক কামরা এবং যাত্রীদের মালামাল বহনের বিশেষ সুযোগ রাখা হয়েছে। চুক্তি অনুযায়ী ভারত থেকে আরও ১৮২টি কোচ আগামীতে দেশে আসার কথা রয়েছে।

কোচগুলো হস্তান্তরের সময় রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন, অতিরিক্ত বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফয়সাল আহমেদ এবং দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।