বাংলাদেশের মোটরবাইক বাজারে বর্তমানে সবচেয়ে দামি বাইক হিসেবে জায়গা করে নিয়েছে এসিআই মোটরস পরিবেশিত আর সিরিজের ‘ইয়ামাহা আর১৫এম মনস্টার’ সংস্করণ। স্পোর্টস বাইক অনুরাগী এবং তরুণ প্রজন্মের কাছে স্বপ্নের এই বাইকটির বর্তমান বাজারমূল্য ৬ লাখ ৯০ হাজার টাকা।
যাঁরা বাইক চালানোর ক্ষেত্রে দুরন্তগতির পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তাকে প্রাধান্য দেন, তাঁদের কথা মাথায় রেখেই মটোজিপি রেসিং বাইকের আদলে এই গতিদানবটি তৈরি করা হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে ভিভিএ প্রযুক্তিসমৃদ্ধ ১৫৫ সিসির এলসিফোরভি এসওএইচসি এফআই ইঞ্জিন। সেই সাথে স্মার্ট মোটর জেনারেটর হাইব্রিড সিস্টেম, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এবং কুইক শিফটারের সমন্বয়ে বাইকটির থ্রটল মোচড় দিলেই পাওয়া যায় এক রোমাঞ্চকর গতি।
নৈপুণ্য এবং স্পোর্টি লুকের কারণে আর১৫ সিরিজটি সব সময়ই বাইকারদের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে। তবে আর১৫ এম মডেলটি সাধারণ আর১৫ সংস্করণ থেকে বেশ আলাদা। এই মডেলে রয়েছে প্রিমিয়াম ফিনিশিং এবং ট্র্যাক-ফোকাসড অ্যারোডাইনামিক বডি, যা চলন্ত পথে নিরাপত্তার বলয় তৈরি করে। এছাড়া অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ, ডুয়েল চ্যানেল এবিএস, ইউএসডি সাসপেনশন এবং রঙিন টিএফটি মিটারের মতো আধুনিক সুবিধাগুলো বাইকটিকে রেসিং ট্র্যাকের পূর্ণ আমেজ প্রদান করে। জানা গেছে, বাইকটির সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার।
দেশের বাজারে এসিআই মোটরস এই উচ্চপ্রযুক্তির ফ্ল্যাগশিপ মডেলটি বাজারজাত করছে। দাম কিছুটা বেশি হলেও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য এবং সর্বোচ্চ গতির শিহরণ পাওয়ার কারণে বর্তমানে বাইকপ্রেমীদের পছন্দের তালিকায় এই মডেলটি শীর্ষে রয়েছে।