বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা গত বৃহস্পতিবার গাজীপুরের রাজাবাড়ীতে অবস্থিত ইয়ামাহা বাংলাদেশের কারখানা পরিদর্শন করেন। এসিআই মোটরসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রদূতের সাথে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং মিতসুই অ্যান্ড কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরাও এই পরিদর্শনে উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইয়ামাহা বাংলাদেশ ও এসিআই মোটরসের জন্য এই পরিদর্শন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন। এই সফরের মাধ্যমে বাংলাদেশে ইয়ামাহার উৎপাদন সক্ষমতা এবং দেশের মোটরসাইকেল শিল্পের উন্নয়নে প্রতিষ্ঠানটির অবদান তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। প্রতিনিধিদলকে ইয়ামাহার সামগ্রিক কার্যক্রম, উৎপাদন অবকাঠামো, উৎপাদন প্রক্রিয়া, গুণগত মান ব্যবস্থাপনা এবং স্থানীয় উৎপাদনে জাপানি প্রযুক্তি ও দক্ষতার প্রয়োগ সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।
পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা কারখানার উৎপাদন কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং বাংলাদেশে ইয়ামাহার অগ্রযাত্রা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এ সময় এসিআই মোটরসের অধীনে বাংলাদেশে ইয়ামাহার দীর্ঘ পথচলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এই পরিদর্শনের গুরুত্ব বর্ণনা করে এসিআই মোটরসের প্রতিনিধিরা বলেন, "বাংলাদেশে ইয়ামাহার উপস্থিতি শুধু একটি ব্যবসায়িক সম্পর্কের প্রতিফলন নয়; বরং এটি জাপানি প্রযুক্তি, ব্যবস্থাপনা পদ্ধতি, গুণগত মান ও অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের মেধা ও স্থানীয় বাজার সম্পর্কে জ্ঞানকে সমন্বয় করে টেকসই শিল্পমূল্য সৃষ্টির একটি উদাহরণ।"