কক্সবাজারে আগত পর্যটকদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও সাবলীল করতে মোটরসাইকেল ভাড়া প্রদানকারী ব্যবসায়ীদের হাতে ৩০টি ইয়ামাহা এফজেডএস ভার্সন ৪.০ মোটরসাইকেল হস্তান্তর করেছে ইয়ামাহা বাংলাদেশ। পর্যটকরা যাতে সহজেই মোটরসাইকেল ভাড়া নিয়ে কক্সবাজার শহর এবং এর আশপাশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে পারেন, সেই লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইয়ামাহা বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
‘ড্রাইভিং ট্যুরিজম, মোবিলিটি ইন কক্সবাজার’—এই মূল ভাবনা ও লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি এই কার্যক্রম শুরু করে। আয়োজকদের দাবি, পর্যটকদের জন্য ব্যক্তিগত পরিবহনের সুযোগ বৃদ্ধির পাশাপাশি কক্সবাজারের সামগ্রিক পর্যটন অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও আনন্দদায়ক করে তোলাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।
সম্প্রতি কক্সবাজারের হোটেল সী গালে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ৩০টি মোটরসাইকেল সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে এসিআই মোটরস এবং ইয়ামাহার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি কক্সবাজারে ইয়ামাহার অনুমোদিত ডিলার মাহিন মোটরসের স্বত্বাধিকারীও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি মোটরসাইকেলের সঙ্গে রাইডার এবং পিলিয়নের জন্য দুটি করে সার্টিফাইড হেলমেট প্রদান করা হয়েছে। এর ফলে পর্যটকরা এখন আরও নিরাপদভাবে মোটরসাইকেল ব্যবহার করে কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন।