মানুষ কক্সবাজারে আসে সমুদ্র দেখতে, ফুরফুরে হাওয়ায় নিজেকে ভাসিয়ে দিতে আর ফেসবুকে ‘লাইফ ইজ আ বিচ’ ক্যাপশন দিয়ে অন্তত এক ডজন ছবি আপলোড করতে। তবে লেখকের দৃষ্টিভঙ্গি কিছুটা ভিন্ন। সমুদ্রের ঢেউয়ের চেয়েও টাকার প্রবাহ চারপাশে আছড়ে পড়ছে দেখেই তিনি শান্তি পান, যদিও সেই প্রবাহ এখনো তাঁর পকেটে এসে পৌঁছায়নি।
কলাতলী থেকে সুগন্ধা পর্যন্ত বালুর প্রতিটি কণায় তিনি কেবল স্টার্টআপের সম্ভাবনা খুঁজে পান। তাঁর ধারণা, কক্সবাজার কেবল একটি পর্যটনকেন্দ্র নয়, বরং এটি একটি ওপেন হাব। গত সপ্তাহে সৈকতে পা দিয়েই তিনি সিদ্ধান্ত নেন, এবার আর শুধু বাতাস খেয়ে ফিরবেন না, বরং একটি লাভজনক ব্যবসা শুরু করবেন। ফলে তাঁর মাথায় একের পর এক আইডিয়া কিলবিল করতে শুরু করে।
প্রথমত তাঁর নজর পড়ে ঘোড়া ব্যবসার দিকে। সমুদ্রপাড়ে ঘোড়ার পিঠে চড়ে ছবি তোলা এবং তার পেছনে আনারকলির মতো ঝলমলে সাজে পর্যটকদের বিচরণ লক্ষ্য করেন তিনি। কিন্তু গভীরভাবে ভেবে তিনি বুঝতে পারেন, এই ব্যবসায় ভবিষ্যৎ অন্ধকার। কারণ, বাঙালি পর্যটকরা ঘোড়ায় চড়ে ঠিকই, কিন্তু ছবি তোলার পর ঘোড়ার মালিকের চেয়ে বেশি দরদাম করে ঘোড়ার ঘাসের দাম নিয়ে। তা ছাড়া ঘোড়া যদি একবার বুঝতে পারে পিঠের মানুষটি ঢাকা থেকে ‘অফিস ট্যুর’-এর নামে বসের টাকায় ঘুরতে এসেছে, তবে সে দাঁড়ানো অবস্থাতেই ঘুমিয়ে পড়ে।
দ্বিতীয় আইডিয়াটি আসে পাথর বেচে মালা বানানো দেখে। ঝিনুক আর রঙিন পাথরের মালা! তবে পর্যবেক্ষণ করে তিনি দেখেন, পর্যটকেরা পাথর কেনার চেয়ে সৈকতে বসে নিজের প্রেমিকার পাথরের মতো কঠিন হৃদয় গলাতেই বেশি ব্যস্ত। যে পাথর বিনা পয়সায় কুড়িয়ে পকেটে ভরা যায়, মানুষ সেটি সুতায় গেঁথে টাকা দিয়ে কিনবে কেন? এই মার্কেটে কোনো গ্রোথ নেই বলে তিনি এটি বাদ দেন।
এরপর তিনি মহেশখালীর মিষ্টিপানের কথা ভাবেন। মহেশখালী থেকে পান এনে সরাসরি সৈকতে সাপ্লাই দেওয়ার পরিকল্পনা করেন। কিন্তু সমস্যা হলো, মিষ্টিপান মুখে পুরে পর্যটকেরা এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে পানের পিক ফেলার জন্য তারা আর ডাস্টবিন খোঁজেন না, সোজা সমুদ্রের পানিকেই পিকদানি বানিয়ে ফেলেন। পরিবেশবাদীদের মামলার ভয়ে এই প্রজেক্টটিও তিনি ড্রপ করেন।
সব আইডিয়া যখন ব্যর্থ হতে চলেছে, ঠিক তখনই সুগন্ধা পয়েন্টে এক অটোওয়ালার সঙ্গে এক ঢাকাইয়া পর্যটকের কথোপকথন শুনে তাঁর মাথায় ইলেকট্রিক শক লাগে! তিনি খুঁজে পান তাঁর ‘মিলিয়ন ডলারের বিজনেস আইডিয়া’—যা মূলত এক ধরণের ‘ইমোশনাল রিলিজ’ টাইপের বিজনেস।
ঘটনাটি অত্যন্ত সহজ। কক্সবাজারে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া নয়, বরং আকাশছোঁয়া হলো পর্যটকদের প্রমিত বাংলা উচ্চারণ। আপনি যত শুদ্ধ ভাষায় কথা বলবেন, ডাবের দাম তত বাড়বে। আপনি যদি বলেন, “ভাই, এই ডাবটি কত করে?” দোকানি আপনার কপালে ‘ট্যুরিস্ট’ সিল মেরে নির্দ্বিধায় বলবে, “এক শ পঞ্চাশ টাকা।”
কিন্তু আপনি যদি ভ্রু কুঁচকে, গলার স্বর একটু নামিয়ে, নির্ভেজাল চাটগাঁইয়া টানে বলেন, “অ ভাই, ইবা হত গরি লইবা?” ব্যস! ম্যাজিক! দোকানি আপনাকে নিজের হারানো চাচাতো ভাই ভেবে এক নিমেষেই সেই ডাবের দাম নামিয়ে আনবে পঞ্চাশ টাকায়!
ঠিক তখনই তিনি চালু করেন তাঁর নতুন সার্ভিস—‘আঞ্চলিক অনুবাদক ওরফে দরদাম কনসালট্যান্সি’।
এই ব্যবসার মডেলটি একেবারেই স্বচ্ছ ও জনকল্যাণমূলক। কোনো পর্যটক যখনই কোনো দোকানে যাবেন, হোটেল বুক করবেন বা সিএনজিতে উঠবেন, লেখক তাঁর ছায়াসঙ্গী হয়ে পাশে দাঁড়াবেন। পর্যটক তাঁকে কানে কানে শুদ্ধ বাংলায় বলবেন তিনি কী কিনতে চান। লেখক সেটা তাৎক্ষণিক দরদামমূলক ভাষায় অনুবাদ করে দোকানিকে বলবেন।
উদাহরণস্বরূপ, পর্যটক যদি এক প্লেট রুপচাঁদা ফ্রাই কিনতে চান, তবে শুদ্ধ বাংলায় চাইলে দাম হাঁকবে আট শ টাকা। লেখক মাঝখানে দাঁড়িয়ে এমনভাবে আঞ্চলিক ভাষায় দরদাম করবেন, যেন দোকানি বুঝতে বাধ্য হয়—এই লোক ঢাকা থেকে আসেনি, বরং টেকনাফ থেকে তেঁতুলিয়া সব চেনে এবং দোকানির শ্বশুরবাড়ির গ্রামের লোক! ফলাফল হিসেবে আট শ টাকার মাছ চার শ টাকায় নেমে আসবে।
প্রফিট মার্জিনের ক্ষেত্রে তিনি পর্যটককে সাফ জানিয়ে দেন, “ভাই, আমি আপনার চার শ টাকা বাঁচিয়ে দিলাম। দোকানিকে যে অতিরিক্ত চার শ টাকা আপনি এমনিতেই দিতেন, সেটা ওদের না দিয়ে আমাকে দিয়ে দিন। ওদের দিলে ওরা ভাববে আপনি বোকা, আর আমাকে দিলে আপনি পাবেন একজন বিশ্বস্ত দোভাষীর আশীর্বাদ!”
পর্যটকরাও এতে মহাখুশি! কারণ, তাদের পকেট থেকে বাড়তি টাকা যাচ্ছে না, বরং স্থানীয় লোকের কাছে ‘ঠকে যাওয়ার’ যে মানসিক যন্ত্রণা, তা থেকে তারা মুক্তি পাচ্ছে। আর লেখক কোনো পুঁজি বা দোকান ভাড়া ছাড়াই কেবল মুখের বুলি একটু এবড়োখেবড়ো করে পকেট গরম করছেন।
গতকাল এক ভদ্রলোক তাঁকে পাঁচ শ টাকা বকশিশ দিয়ে বলেন, “ভাই, আপনার এই আইডিয়াটা তো অসাধারণ! এটা নিয়ে বড় কিছু করেন।”
লেখক মুচকি হেসে উত্তর দেন, “ভাই, বড় কিছু করতে গেলে তো ইনভেস্টর লাগবে। আর ইনভেস্টর খুঁজতে গেলে আমাকে আবার শুদ্ধ বাংলায় প্রেজেন্টেশন দিতে হবে। শুদ্ধ বাংলা বলে নিজের দাম কমানো যাবে না কিছুতেই! তার চেয়ে ভাষা হোক মানসিক শান্তির কারণ—এ ট্যাগ লাইনে বিজনেস খুলে দিই আপাতত।”